মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ২, ২০২৫, ১০:৫৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পি.আর.এস.) অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের তিন রোভার—মো. আনারুল ইসলাম (২০), কাসিম নাসরুল্লাহ (১৯) ও মো. রিসাত হোসেন (১৯)।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তারা।
পথিমধ্যে সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে এই রোভাররা তিনটি গুরুত্বপূর্ণ বার্তা সামনে রেখে পরিভ্রমণ করছেন:
“সেবাই স্কাউটের শক্তি, মানবতাই তার পরিচয়”
“একটি গাছ, একটি প্রাণ—প্রকৃতির প্রতি মানবদান”
“মাদকমুক্ত যুবক—দেশের সবচেয়ে বড় শক্তি”
প্রথম দিনের দীর্ঘ পথ অতিক্রম শেষে তারা সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জে পৌঁছান। বীরগঞ্জে তিন রোভার সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদের সঙ্গে। ইউএনও তাদের যাত্রার অগ্রগতি জানেন এবং নিরাপদে পরিভ্রমণ সম্পন্ন করার জন্য শুভকামনা জানান।
স্কাউটিংয়ে পি.আর.এস. হলো রোভারদের সর্বোচ্চ সম্মাননা। এ সম্মান অর্জনে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ বাধ্যতামূলক। স্কাউটিং পরিভাষায় এই অভিযাত্রা ‘র্যাম্বলিং’ নামে পরিচিত, যা রোভারদের আত্মনির্ভরতা ও মানবসেবার আদর্শকে আরও শক্তিশালী করে।
রোভাররা বলেন, এই অভিযাত্রা তাদের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে এবং সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পরিভ্রমণের অভিজ্ঞতা স্কাউটিং ও ব্যক্তিজীবনে মূল্যবান দিকনির্দেশনা দেবে বলে আশা করেন তারা।