মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:২৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেছেন, অপরাধমুক্ত ও নিরাপদ সীমান্ত রক্ষায় সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সহযোগিতা অপরিহার্য। শুধু বল প্রয়োগ বা ফোর্স বাড়িয়ে সীমান্ত অপরাধ দমন করা কঠিন, এজন্য সামাজিক শক্তির সমন্বয় ও জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, মানবপাচার ও অস্ত্র চোরাচালান দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
একই সঙ্গে মানবিক দায়িত্ব হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য ও কল্যাণে বিজিবি সর্বদা পাশে আছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, এই মানবিক কর্মসূচির আওতায় সীমান্তবর্তী এলাকার ৩০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এছাড়াও বিজিবি’র বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে।অনুষ্ঠানে সহকারী পরিচালক মিজানুর রহমান, কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।