সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত গড়ার লক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:১৬ পিএম

বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত গড়ার লক্ষ্যে আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ এবং শিশুশ্রম মুক্ত করার লক্ষ্যে সমন্বিত রোডম্যাপ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এক বিশেষ আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আমরা একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে কঠোর আইন প্রয়োগের নিশ্চয়তা দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। তিনি বিরল উপজেলাকে শিশু ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অংশীদারিত্ব ও রোডম্যাপ উপস্থাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, সমাজসেবা অফিসার তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়মিত মনিটরিং, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দ্রুতই বীরগঞ্জকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।