জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩০ পিএম
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-১৩। রবিবার (১৮ জানুয়ারি) ভোরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পাশ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ এর একটি চৌকস দল ভোর সাড়ে ৫টার দিকে শিক্ষা বোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করতে র্যাবের অনুসন্ধান চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন