মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ও শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া প্রোগ্রামের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা।
তিনি বলেন, "ওয়ার্ল্ড ভিশন ইতিপূর্বে দিনাজপুরের ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত এবং ৩টি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে সক্ষম হয়েছে। বর্তমানে আমরা বাল্যবিবাহ রোধ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে নিরলস কাজ করছি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব এ.কে.এম হাসানুজ্জামান, ইউপি সদস্য সমাজ উদ্দিন, মোঃ পাভেল, শংকর চন্দ্র দাস, আয়শা সিদ্দিকা, শিরিন আক্তার এবং মসজিদ কমিটির সভাপতি মোঃ আমির আলী ও ইমাম মোঃ মমিনুর রশিদ।সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, শুধু আইন দিয়ে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সামাজিক সচেতনতা জরুরি।
আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দ্রুতই এই ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করতে পারব।অনুষ্ঠানে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট (হ্যাঁ/না ভোট) সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।