মো.মমিনুল ইসলাম
জানুয়ারি ২২, ২০২৬, ০৮:২২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো ঢাকার বাইরে নির্বাচনী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জামায়াত আমিরের এই আগমনকে ঘিরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১০ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় নিজের নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ডা. শফিকুর রহমান। এরপর শুক্রবার উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে তিনি ঢাকার বাইরের প্রচারণা শুরু করবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টায় তিনি দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের দক্ষিণ অংশে (পুলিশ সুপার অফিসের সামনে হেলিপ্যাড মাঠ) আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
এরপর বিকেল ৪টায় ঠাকুরগাঁও এবং রাতে রংপুরে আয়োজিত জনসভায় যোগ দেবেন।দিনাজপুরের জনসভা সফল করতে গোর-এ শহীদ ময়দানে দ্রুতগতিতে মঞ্চ তৈরির কাজ চলছে। এ বিষয়ে দিনাজপুর শহর জামায়াতের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল বলেন, “সব প্রস্তুতি প্রায় শেষের পথে। সবকিছু ঠিক থাকলে এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় নির্বাচনী জনসভা। আমাদের প্রস্তুতি রয়েছে কমপক্ষে ৫ লাখ লোকের সমাগম ঘটানোর। এর মধ্যে জামায়াতের নেতাকর্মী ছাড়াও জোটের শরিক দলগুলোর প্রায় ১ লাখ সমর্থক উপস্থিত থাকবেন।
নিরাপত্তার বিষয়ে তিনি জানান, প্রশাসনের পাশাপাশি জামায়াতের কয়েক হাজার স্বেচ্ছাসেবী শহরজুড়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। জনসভায় দিনাজপুরের ৫টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ৫ নম্বর আসনের জোটের শরিক দলের প্রার্থী উপস্থিত থাকবেন।বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করীম বলেন, “জোটের নেতাকর্মীরা জামায়াত আমিরের আগমনকে সামনে রেখে দারুণ উচ্ছ্বসিত।
জেলার ১৩টি উপজেলা থেকেই আমাদের জোটের নেতাকর্মী ও সমর্থকরা এই জনসভায় অংশ নেবেন।”দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান বলেন, “নির্বাচন নিয়ে আমিরে জামায়াত ঢাকার বাইরে তার প্রথম জনসভায় কী বার্তা ও দিকনির্দেশনা দেন, তা শোনার জন্য উত্তরাঞ্চলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।