মো আরিফ ইসলাম
জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জনসভায় দলটির মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম বলেছেন, জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের নাগরগঞ্জ স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নাগরগঞ্জ স্কুল মাঠ।
বিশাল এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে। দেশ ও দশের উন্নয়নে এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।এ সময় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগান, উচ্ছ্বাস ও করতালিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।