রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবাধ নির্বাচন নিশ্চিত করতে নবাবগঞ্জে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

অলিউর রহমান মিরাজ

জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪২ পিএম

অবাধ নির্বাচন নিশ্চিত করতে নবাবগঞ্জে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। 

দুপুরে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।পরিদর্শনকালে জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক, নবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. জিল্লুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারসহ সকল নির্বাচনী কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রশিক্ষণে কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও নির্বাচনী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ পদ্ধতি ও ফলাফল প্রস্তুতকরণ বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন।