জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:০৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দিনাজপুরে স্বচ্ছতার সাথে পোস্টাল ব্যালট বাক্স প্রস্তুত ও বন্ধকরণ (সিলগালা) কার্যক্রম সম্পন্ন হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করে বাক্সটি সিলগালা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি, কারাবন্দী ব্যক্তি এবং নিজের নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য এই আধুনিক ‘আইটি সাপোর্টেড’ পোস্টাল ব্যালট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পোস্টাল ভোটের পরিসংখ্যান: জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ ছিল। জেলায় মোট নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা ২২ হাজার ৩৪৯ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৯৯ জন এবং নারী ৫ হাজার ৯৫০ জন। গত বুধবার (২১ জানুয়ারি) থেকেই নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
জেলার মোট ভোটার চিত্র: এবারের হালনাগাদ ভোটার তালিকায় জেলায় নতুন ১ লাখ ৫৫ হাজার ১৮ জন ভোটার যুক্ত হয়েছেন। বর্তমানে জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, জেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা ১ হাজার ৭৯৮ জন বেশি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য জেলায় মোট ৮৪৪টি কেন্দ্রে ৪ হাজার ৯৯৩টি বুথ প্রস্তুত করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন