মার্চ ১৪, ২০২৬, ০৫:৪৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের চলাচল সহজ করতে এবং তাঁদের জীবনমান উন্নয়নে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকালে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৫ জন উপকারভোগীর হাতে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে হুইলচেয়ারগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে ইউএনও সুমা খাতুন বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও চলাফেরা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই হুইলচেয়ারগুলো তাঁদের আত্মনির্ভরশীল হতে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরণের মানবিক ও সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আবেগপ্লুত হয়ে পড়েন এবং সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় তাঁদের দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত কষ্টকর, এখন এই হুইলচেয়ারের মাধ্যমে তাঁরা সহজে চলাফেরা করতে পারবেন। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, প্রকৃত প্রতিবন্ধীদের শনাক্ত করে তাঁদের পুনর্বাসনে সরকারের বহুমুখী কার্যক্রম চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন