মার্চ ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সচেতনতামূলক প্রচার অভিযান, নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফেরদৌস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আব্দুর সাত্তার এবং যতীন চন্দ্র রায়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির শুরুতে শিশুদের নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে একটি সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালিত হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করা হয়, যেখানে নাটকের মাধ্যমে সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধের চিত্র তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি সদস্য ফেরদৌস আলী বলেন, "লিঙ্গভিত্তিক সহিংসতা আমাদের সমাজের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এটি প্রতিরোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।" এপি ম্যানেজার রবার্ট কমল সরকার বলেন, শিশুদের শৈশব থেকেই সচেতন ও সাহসী করে তোলা গেলে ভবিষ্যতে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। শিশুদের এই সাংস্কৃতিক পরিবেশনা ও নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরি করেছে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন