রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জেলা পরিষদ প্রশাসককে দিনাজপুর ইনস্টিটিউটের সংবর্ধনা

মো: মামুনুর রশিদ

মার্চ ২৫, ২০২৬, ০৩:৫৬ পিএম

জেলা পরিষদ প্রশাসককে দিনাজপুর ইনস্টিটিউটের সংবর্ধনা

প্রশাসককে ফুলেল শুভেচ্ছা -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এই সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ইনস্টিটিউটের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান এবং সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য অশোক কুণ্ডু এবং হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান আসাদ।

মতবিনিময়কালে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ জানান, তারা অবিলম্বে একটি অত্যাধুনিক দিনাজপুর ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন। এই বৃহৎ প্রকল্পে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে, জেলা পরিষদের অর্থায়নে ইতিমধ্যে ইনস্টিটিউটের মূল ফটক নির্মাণের কাজ শেষ হয়েছে, যা এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। প্রশাসকের সময়সূচি অনুযায়ী এই ফটকের উদ্বোধন করা হবে জানিয়ে সভাপতি সেখানে আরও একটি ফটক নির্মাণের দাবি উত্থাপন করেন।

সংবর্ধনার জবাবে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দিনাজপুর জেলাকে একটি আধুনিক ও মানসম্মত জেলায় রূপান্তর করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। জেলার সার্বিক উন্নয়নে তিনি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আশ্বস্ত করেন যে, জনস্বার্থে এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।