জিন্নাত হোসেন
মার্চ ২৫, ২০২৬, ০৮:০৯ পিএম
নতুন প্রশাসককে সংবর্ধনা প্রদান। ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজ। বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে কলেজের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে এই সম্মাননা প্রদান করা হয়।
হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে কলেজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল জেলা পরিষদে গিয়ে নতুন প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন এবং তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান। এ সময় তারা নতুন প্রশাসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার সুযোগ্য নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন ও শিক্ষা খাতের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।অনুষ্ঠানে হলি ল্যান্ড কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উন্নয়ন পরিচালক মো. আফজাল হোসেন, আবাসিক পরিচালক মো. আব্দুল আজিজ এবং ক্যান্টিন পরিচালক মো. হাবিবুর রহমান। এছাড়াও হলি ল্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মামুনুর রাব্বীসহ কলেজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হলি ল্যান্ড কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে দিনাজপুরের শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। বিশেষ করে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিনিধি দলটি প্রশাসকের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হয় এবং কলেজের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করে। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।