রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ

আতিউর রহমান

এপ্রিল ১, ২০২৬, ১০:০৫ পিএম

বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ

প্রণোদনা বিতরণ অনুষ্ঠান ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে ২০২৫-২৬ অর্থবছরে পাট ও আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচি পালিত হয়। সরকারি এই সহায়তার আওতায় উপজেলার মোট এক হাজার ৮০ জন কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েক। 

কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে, প্রণোদনা পাওয়া প্রত্যেক কৃষকের ৩৩ শতক বা এক বিঘা জমির বিপরীতে প্রয়োজনীয় উপকরণ বরাদ্দ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতেই সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ।

চলতি মৌসুমে পাট চাষে সহায়তার জন্য ৩০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। তাদের প্রত্যেককে ১ কেজি উন্নত পাট বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে, আউশ ধানের আবাদ বাড়াতে ১ হাজার ৫০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আউশ চাষি প্রতিটি কৃষক ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার লাভ করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী। এ সময় মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এ এস এম হানিফ, রুথমিলা হামিদ ঋতু ও চন্দন অধিকারীসহ সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের মাঝে উপকরণগুলো বুঝিয়ে দেন। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, সময়মতো এই উন্নত বীজ ও সার পাওয়ায় কৃষকরা বাড়তি ফলন ঘরে তুলতে পারবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিবান্ধব সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং ধান ও পাটের উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সঠিক সময়ে সার ও বীজের ব্যবহার নিশ্চিত করতে পারলে এ অঞ্চলের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিতরণ কার্যক্রম শেষে কৃষকদের আউশ ও পাট চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।