বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রেমিকের বাড়িতে অনশন গভীর রাতে বিয়ে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৬, ১১:১৯ পিএম

প্রেমিকের বাড়িতে অনশন গভীর রাতে বিয়ে সম্পন্ন

রামপুরে অনশন শেষে বিয়ের আয়োজন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশনকে কেন্দ্র করে তৈরি হওয়া দীর্ঘ নাটকীয়তার অবসান হয়েছে। মঙ্গলবার দিনভর অনশন চলার পর গভীর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রেমিক যুগলকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়। এই বিয়েতে সাড়ে তিন লাখ টাকা মোহরানা ধার্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ফিরোজ কবিরের সাথে মাহাবুবা আক্তার মিম নামের ১৭ বছর বয়সী এক কলেজছাত্রীর দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। 

ভুক্তভোগী মিমের দাবি অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফিরোজ তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তবে সম্প্রতি বিয়ের কথা বললে ফিরোজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। উপায় না দেখে গত মঙ্গলবার সকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে একটি খড়ের পালার ওপর বসে অনশন শুরু করেন ওই তরুণী।

অনশন চলাকালে মাহাবুবা আক্তার মিম অভিযোগ করেন যে, দীর্ঘদিনের প্রণয় থাকলেও ফিরোজ এখন তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছেন। ঘটনার জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রেমিক ফিরোজ কবির গা-ঢাকা দেন। ফিরোজের বাবা আব্দুল কাদের অবশ্য অভিযোগ করেছেন যে, তার ছেলে নিখোঁজ রয়েছে এবং তাকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত করা হচ্ছে। ছেলের পরিবারের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় যে, মেয়েপক্ষ থেকেই বিষয়টিকে জটিল করা হয়েছে।

পরিস্থিতি জটিল আকার ধারণ করলে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত হন। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি রাখা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আপাতত স্থানীয়ভাবে সামাজিক মীমাংসার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল। কোনো পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করত।

অবশেষে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কেশবপুর গ্রামেই উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে মেয়ের মায়ের পাশাপাশি এলাকার স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন। স্থানীয় একজন আলেমের মাধ্যমে তিন লাখ ৫০ হাজার টাকা মোহরানা ধার্য করে তাদের বিয়ে পড়ানো হয়। বড় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ওলিমা হিসেবে উপস্থিত সবার মাঝে বিস্কুট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। দীর্ঘ টানাপোড়েনের পর বিয়ের মাধ্যমে পরিস্থিতি শান্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।

সামাজিক এই ঘটনার পর সচেতন মহলের মতে, অনেক সময় সম্পর্কের টানাপোড়েন সামাজিক অস্থিরতা তৈরি করে। বিরামপুরের এই ঘটনায় স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপের ফলে কোনো বড় অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমস্যার সমাধান সম্ভব হয়েছে। তবে বিয়ের পরও নবদম্পতির ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা।