এপ্রিল ১০, ২০২৬, ১২:২৩ এএম
দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা ও সফলতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুল আউয়াল।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাঈদ মাসুদ, মেজর সৈয়দ সাঈদ আবু বক্কর সিদ্দিক এবং ঢাকার আইডিয়াল কমার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন। এছাড়াও দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর ডিজিএম মো. নাসের আহম্মেদ সাগর, ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান সিহাব, আতিকুর রহমান এবং মজার স্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফসহ অনেকে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানের উদাহরণ টেনে এক অনন্য জীবনবোধের শিক্ষা দেন। তারা বলেন, বর্তমান সময়ের একটি স্মার্টফোনের স্টোরেজ যেখানে ৫ থেকে ৫০ জিবি পর্যন্ত হয়, সেখানে মহান সৃষ্টিকর্তা মানুষের মস্তিষ্কে ২৫ হাজার লক্ষ জিবি ধারণক্ষমতা দিয়েছেন। এই অসাধারণ মেধার আনুমানিক আর্থিক মূল্য অন্তত ৩০ হাজার কোটি টাকা। বক্তারা সতর্ক করে বলেন, যদি কোনো শিক্ষার্থী নবম বা দশম শ্রেণিতে থাকাকালীন বাল্যবিয়ের শিকার হয়, তবে তার এই বিশাল মেধাসম্পদ ও মস্তিষ্কের প্রসারণ থমকে যায়। তাই দেশের প্রকৃত কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে বাল্যবিয়েকে রুখে দিতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে, এই ছাত্রীদের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, সেবিকা ও সফল উদ্যোক্তা। তবে এই উচ্চতায় পৌঁছাতে হলে পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। মেধা ও শ্রমের সঠিক সমন্বয় ঘটিয়ে বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ থেকে দূরে থেকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আবেগঘন এই আয়োজনে বিদায়ী ছাত্রীরা তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করে এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু পরিবেশে আসন্ন এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন