এপ্রিল ১০, ২০২৬, ১২:২৯ এএম
দিনাজপুরের কাহারোল ও বিরল উপজেলায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ‘একসাথে একাকীত্বের বিরুদ্ধে’—এই বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ এপ্রিল বৃহস্পতিবার দীপশিখা সংস্থার বাস্তবায়নে দিনটি পালন করা হয়। কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দপুর এবং বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত পৃথক অনুষ্ঠানে ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের সামাজিক অধিকার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা বাস্তবায়িত প্রকল্পের আওতায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহায়তা এবং লিলিয়ান ফান্ডস-এর অর্থায়নে এই দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে কাহারোল ও বিরল এলাকার ৯ জন ডাউন সিনড্রোম আক্রান্ত শিশু ও কিশোর সশরীরে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী শিশুদের শুভেচ্ছা জানান দীপশিখা প্রকল্পের সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়। তিনি তার বক্তব্যে বলেন, ডাউন সিনড্রোম কোনো রোগ নয়, এটি একটি জেনেটিক অবস্থা।
সঠিক সহায়তা ও বিশেষায়িত সুযোগ পেলে এই শিশুরাও সাধারণ মানুষের মতো শিক্ষা ও দক্ষতা উন্নয়নে অংশ নিতে পারে। একাকীত্ব ও সামাজিক অবহেলা থেকে তাদের মুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা এখন সময়ের দাবি।অনুষ্ঠানে মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দীপশিখার এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক।
বিশেষ করে ডাউন সিনড্রোম শিশুদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভাতা প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের লুকিয়ে না রেখে তাদের প্রতিভা বিকাশে সহায়তা করতে হবে। এই লড়াইয়ে স্থানীয় সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় কাহারোল উপজেলার সমাজকর্মী মো. রাফি ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে এই শিশুরা যথাযথ চিকিৎসাসেবা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়। এই দিবস পালনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৯ জন শিশুর মেধা ও দক্ষতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
দীপশিখার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডাউন সিনড্রোম দিবসের এই আয়োজন মূলত শিশুদের মানসিক মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুদের মাঝে বিশেষ শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন নজরদারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ডাউন সিনড্রোম শিশুরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। সচেতনতামূলক এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজ থেকে একাকীত্ব ও বৈষম্য দূর করার শপথ গ্রহণ করেন উপস্থিত সকলে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন