রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নানার বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় শিশুর মৃত্যু

আতিউর রহমান

এপ্রিল ২১, ২০২৬, ১০:০৮ পিএম

নানার বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় শিশুর মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরলে নানার বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় পিষ্ট হয়ে এক বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ছিনিয়া আকতার। সে দিনাজপুর সদর উপজেলার মোঃ শামীম হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ছিনিয়া নাড়াবাড়ী বাজারের চা বিক্রেতা মোঃ আক্তারুল ইসলামের নাতনি (মেয়ের মেয়ে)। কয়েক দিন আগে সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। 

ঘটনার সময় হানিফ পরিবহণের একটি ঢাকাগামী কোচ নাড়াবাড়ী বাজারের গরুহাটি এলাকায় পার্কিং করা হচ্ছিল। অভিযোগ উঠেছে, কোচের চালকের সহকারী (হেলপার) বাসটি পিছনের দিকে চালিয়ে পার্কিং করার সময় পিছনে থাকা শিশু ছিনিয়াকে চাপা দেয়। বাসের ভারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক ঘটনার পর নাড়াবাড়ী বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটি শনাক্ত করলেও চালক ও সহকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার খবর পেয়ে বিরল থানা পুলিশের একটি দল দ্রুত নাড়াবাড়ী বাজারে পৌঁছায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশ ঘাতক বাসটি এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করছে।

বিরল থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে লাশের পরবর্তী আইনি কার্যক্রম এবং ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। চালকের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশি তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান ছিল। নানার বাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহত শিশুর পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।