মোজাম্মেল হক
এপ্রিল ২১, ২০২৬, ১১:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের বিদ্যমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখা এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন ক্লাবের সদস্যরা।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে জ্যেষ্ঠতার ভিত্তিতে চার সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুববর রহমান আঙুর।
কমিটির অন্য সদস্যরা হলেন—মমিনুর রশিদ (শাহীন), মোজাম্মেল হক এবং নাজমুল হোসেন। সভায় উপস্থিত সকল সদস্য নতুন এই কমিটির ওপর পূর্ণ আস্থা জ্ঞাপন করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করবে। এই নির্বাচনের মাধ্যমেই বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি এবং আনুষঙ্গিক দায়িত্ব পালনের জন্য আহ্বায়ক কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত করতে সভায় নতুন দুইজন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—দৈনিক ঢাকার সময়-এর প্রতিনিধি গোকুল চন্দ্র রায় এবং দৈনিক প্রত্যাশা-এর প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম রিজু। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের পেশাদারিত্বের পরিধি আরও বাড়বে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক জলিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ রায় জীতু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আরিফুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্য নুর নবী নাসিম, আবু বক্কর সুমন, জয়নাল আবেদীন ও সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে ক্লাবের সাংগঠনিক ভীত আরও শক্তিশালী হবে এবং বীরগঞ্জের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।