মোজাম্মেল হক
এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে সোমবার দুপুরে ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মোহনপুর ইউনিয়নের কর্ম এলাকায় নির্বাচিত ৭০টি অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
ছাগল পালনের উদ্দেশ্যে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন, এই ধরণের সহায়তা কর্মসূচি দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক ব্যবস্থাপনায় ছাগল পালনের মাধ্যমে পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইভলী হুডস টেকনিক্যাল স্পেশালিস্ট মো. তাহমিদুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া। এ সময় ১০নং মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরজ আলী, মো. ফেরদৌস আলী, মো. হামিদুল ইসলাম হামিদ এবং গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে এই শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। উপকারভোগীরা যাতে প্রাপ্ত অর্থ সঠিকভাবে ছাগল পালনে ব্যয় করেন, সে বিষয়েও সংস্থার পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে। সরাসরি মাঠ পর্যায়ের এই সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।