রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিকিৎসালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৬, ১০:১৩ পিএম

চিকিৎসালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

ছবি-দিনাজপুর টিভি

৪ মে ২০২৬ সোমবার সকালে দিনাজপুরের উত্তর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় পরিদর্শন করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরিদর্শনের পাশাপাশি তিনি চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মো. হাফিজুল কাদের লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬১ বছরের পুরোনো এই মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় দিনাজপুর জেলাবাসীর গর্বের প্রতীক। দিনাজপুর শহর ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে রোগীরা এখানে নিয়মিত হোমিও চিকিৎসাসেবা নিতে আসেন। দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন। কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডা. ইলিয়াস আলী খান এডিন, দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি ও সমাজসেবক মো. শামীম কবির, আলহাজ মো. ইয়াসিন কবীর, মাজেদুর রহমান মাজু এবং যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান সাগর।

সেই সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সফিকুল আলম বাবু, মো. আব্দুস সালাম, এনামুল হক চৌধুরী, মো. ইউনুস আলী, মাহবুব আলম শেরে, মমিনুল হক, ধীমান সরকার এবং দিনাজপুর চেম্বারের সাবেক পরিচালক শাহ রেজাউর রহমান হিরু। এছাড়া আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিমল চক্রবতী তপন ও সমাজসেবক মোয়াজ্জেম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বালুবাড়ি শাহী মসজিদের ইমাম মো. শাহজাহান আলী এবং গীতা পাঠ করেন সঞ্জিব চক্রবর্তী বাপ্পি। সংগঠনের সভাপতি হাফিজুল কাদের লাবুর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এই মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের চিকিৎসায় ভূমিকা রাখছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হয়।