রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সমাজকল্যাণমন্ত্রীর মাতার মৃত্যু দিনাজপুরে এতিমদের কোরআন খতম

মোঃ আব্দুর রাজ্জাক

মে ৬, ২০২৬, ১১:১৫ পিএম

সমাজকল্যাণমন্ত্রীর মাতার মৃত্যু দিনাজপুরে এতিমদের কোরআন খতম

ছবি-দিনাজপুর টিভি

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মমতাময়ী মাতার মৃত্যুতে দিনাজপুরের এতিমখানাগুলোতে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল থেকে দিনব্যাপী দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন এতিমখানায় এতিম শিশু ও দ্বীনি শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত শুরু করেন। কোরআন খতম শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া-খায়ের করা হয়। মোনাজাতে এতিমখানার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম জানান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মাতার মৃত্যুতে জেলা সমাজসেবা পরিবার গভীর শোকাহত ও মর্মাহত। 

শোক প্রকাশের অংশ হিসেবে এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় শহর সমাজসেবা কার্যালয়ের আওতাধীন এতিমখানাগুলোতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।মাইনুল ইসলাম আরও জানান, বুধবার সকাল থেকেই এতিম শিশু শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধার সাথে পবিত্র কোরআন খতম দিয়েছেন। এরপরই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তিনি এসময় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এর আগে এতিমখানাগুলোতে দোয়া মাহফিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দিনাজপুরের বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানে মরহুমার জন্য মোনাজাত অব্যাহত ছিল।