মে ৯, ২০২৬, ০৭:২২ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণের লক্ষ্যে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সাইফুল ইসলাম। শনিবার স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য অনুবিভাগের এই জ্যেষ্ঠ কর্মকর্তা হাসপাতালটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিরিক্ত সচিবকে বরণ করে নেওয়া হয়।
এরপর তিনি সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এই কর্মসূচির বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে খোঁজ-খবর নেন।অতিরিক্ত সচিব টিকাদান কার্যক্রমের পাশাপাশি কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় তিনি রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।পরিদর্শনকালে দিনাজপুর জেলার সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস এবং কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মামুন অর রশীদ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন মেডিকেল অফিসার, ইউনিসেফের প্রতিনিধিদল, সিনিয়র স্টাফ নার্স এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় এই ক্যাম্পেইন সফল করতে তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতেই এই উচ্চপর্যায়ের পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। তদারকি শেষে অতিরিক্ত সচিব টিকাদান কর্মসূচি সফল করতে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন