বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপ সামনে রেখে সেতাবগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ৫, ২০২৬, ০৮:৪৬ পিএম

বিশ্বকাপ সামনে রেখে সেতাবগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

ছবি-দিনাজপুর টিভি

বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে সেতাবগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সেতাবগঞ্জ সরকারি কলেজ মাঠে কলেজপাড়া একাদশ যুব সংঘ এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

আর্জেন্টিনা সমর্থক দলটি এই ম্যাচে জয়ী হয়েছে।খেলায় ২-১ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থকদের পরাজিত করেছে আর্জেন্টিনা সমর্থক দল। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মো. ফয়সাল মোস্তাক, এনসিপি নেতা এম এ তাফসীর হাসান, জামায়াত নেতা মো. রেজাউল করিম, মো. মোসলিম উদ্দীন মুন্সী, হাসান আলী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাবটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

প্রীতি ম্যাচটি এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।ক্লাবটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা ম্যাচটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।