জুন ১৮, ২০২৬, ০৩:০১ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিশু ও নারীর প্রতি সকল ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে র্যালি, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে বেসরকারি সংস্থা দীপশিখা পরিচালিত এবং সিডিডি-র সহযোগিতায় এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ম্যাপিং সিবিআর` প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধী শিশু, যুবক, ইমপ্যাক্ট গ্রুপ, কেয়ারগিভার ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। লিলিযান ফান্ডস এই মানবিক কার্যক্রমে আর্থিক অর্থায়ন করেছে বলে জানা গেছে।এই সচেতনতামূলক প্রচারণার মূল উদ্দেশ্য ছিল একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন, স্লোগান, প্লেকার্ড ও ব্যানারসহ উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।
র্যালি শেষে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান। তিনি বলেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ঐক্যজোট ও অভিভাবকদের সচেতনতাই পারে শিশু ও নারী নির্যাতনের হার উল্লেখযোগ্যভাবে কমাতে। সেই সঙ্গে তিনি সমাজ পরিবর্তনে সকল ডিজিটাল মিডিয়াকে আরও বেশি সচেতনতামূলক তথ্য প্রচার করার উদাত্ত আহ্বান জানান।
সভায় দীপশিখা প্রকল্পের সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় বলেন যে একটি আদর্শ সমাজ গঠনে প্রতিবন্ধী যুবরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তাই শিশু ও নারীর প্রতি যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে সোচ্চার হতে হবে। এই ক্যাম্পেইনটি প্রতিবন্ধী যুবদের জন্য সামাজিক উন্নয়ন ও অ্যাডভোকেসিতে সক্রিয় অংশগ্রহণের একটি অর্থবহ প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন মীম বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন অংশগ্রহণকারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল শিশু ও যুবদের সঙ্গে কুশল বিনিময় করে বলেন যে নির্যাতন প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি প্রান্তিক পর্যায়ে এই ধরনের সুরক্ষামূলক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি সরকারি উদ্যোগের বাইরে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন