জুন ২০, ২০২৬, ১২:১২ এএম
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার শ্রদ্ধেয় বড় ভাই আসাদুজ্জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন। গতকালশুক্রবার ১৯ জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ওই জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির একজন অত্যন্ত সক্রিয় ও সম্মানিত সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
মরহুমের এই আকস্মিক ও অকাল প্রয়াণে স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে একটি যৌথ শোক বার্তা পাঠানো হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক এবং সাধারণ সম্পাদক এ কে এম আজদ যৌথভাবে এই শোক বার্তা প্রদান করেন।শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের সকল সামাজিক ও জনকল্যাণমূলক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।
একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের এই কঠিন ও অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মরহুমের এই বিয়োগান্তক মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস সহ সকল অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন