জুন ২৪, ২০২৬, ০৭:২২ পিএম
দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিশেষ প্রজাতির ‘বুদুম বাঁশ’ চারা রোপণ করা হয়েছে। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই পরিবেশবান্ধব ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
পুলিশ লাইন্স চত্বরে চারা রোপণ শেষে উপস্থিত সবার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে শুধু গাছ লাগানোই নয়, বরং রোপণকৃত প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় পূর্বে রোপণকৃত গাছপালার সার্বিক বৃদ্ধি ও বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার নির্দেশনা দেন।
কর্মকর্তারা জানান, বাঁশ পরিবেশবান্ধব ও অত্যন্ত দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ যা মাটির ক্ষয়রোধ ও জীবন চিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন শোষণ করে পরিবেশ ভালো রাখতে সাহায্য করে এবং অর্থনৈতিকভাবেও অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত হয়। এই সবুজায়ন কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, সুমন রঞ্জন সরকার ও মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন