জুন ২৮, ২০২৬, ০৫:৫৫ পিএম
অবিভক্ত ব্রিটিশ ভারতের অন্যতম খ্যাতনামা কৃষক নেতা ও ঐতিহাসিক তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় দিনাজপুরের বড়ময়দান গোর-এ শহীদ মাজার সংলগ্ন মরহুমের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান ও সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকার নেতৃত্বে নেতা-কর্মীরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এনাম উল্যাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শ্রদ্ধা জানান। পাশাপাশি তেঁভাগা পরিষদ, জেলা বাসদ, যুব মৈত্রী ও সাংস্কৃতিক সংগঠন ভৈরবীর পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর নাতি সুলতান-উল-নাইম শুভ, কলামিস্ট ও শিক্ষক মোঃ কায়ছার আলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে মিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন