জুন ২৮, ২০২৬, ০৬:২১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বীরগঞ্জ পৌরশহরের শালবন মিলনায়তনে বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মশালায় সংস্থার গত এক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অর্জিত সাফল্য, মাঠপর্যায়ের নানামুখী চ্যালেঞ্জ ও আগামী বছরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমন্ত্রিত অতিথিরা শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী ও শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ্, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা হক।
এছাড়া সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া এপি ম্যানেজার রবার্ট কোমল সরকার উপস্থিত থেকে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার প্রোগ্রাম অফিসার সাধন দাস, ডরিস হাসদা, শ্যামলা শান্তি ক্রেরাইয়াসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, স্থানীয় জনগণের প্রকৃত প্রয়োজন ও মতামতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করলে যেকোনো উন্নয়ন কার্যক্রম আরও বেশি ফলপ্রসূ ও কার্যকর হয়। আলোচনা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিতে আগামী বছরের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি সমন্বিত ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন