আব্দুস সালাম
জুলাই ৬, ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি : দিনাজপুর টিভি
দিনাজপুরের জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড — বিআরডিবি — এর যৌথ আয়োজনে জেলায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতি বছর ৬ জুলাই বিশ্বব্যাপী এই দিবস পালনের ঘোষণার প্রেক্ষিতে এবারই প্রথম বাংলাদেশে দিবসটি জাতীয়ভাবে পালন করা হলো।উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিআরডিবির উপ-প্রকল্প পরিচালক মো. রাজিউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক মো. আশরাফুল আলম।গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন বক্তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম, এনজিও পল্লীশ্রী’র প্রতিনিধি শামীমা বেগম পপি, সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক আব্দুল্লাহ এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।
দিবসটি উদযাপনে বিআরডিবির পক্ষ থেকে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয়। দিনাজপুর সদর উপজেলার আওতাভুক্ত জয়রামপুর সদাবিক পুরুষ দলের ১৬ জন উপকারভোগীকে মোট ৭ লক্ষ ১৪ হাজার টাকার ঋণ সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া, বিআরডিবির ৫০ জন উপকারভোগীর প্রত্যেককে একটি করে উন্নত জাতের ক্ষিরসাপাত আমের চারা উপহার দেওয়া হয়।
পাশাপাশি, ৪০ জন উপকারভোগীর অংশগ্রহণে একদিনের বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান।