রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত

মোঃ আরিফ ইসলাম

জুলাই ৬, ২০২৬, ০৪:৫৫ পিএম

বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত

ছবি : দিনাজপুর টিভি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লী উন্নয়নই দেশের সার্বিক অগ্রগতির মূলভিত্তি, গ্রাম উন্নত হলেই দেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। সরকারের এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।