জুলাই ৭, ২০২৬, ০৩:৩১ পিএম
দিনাজপুরের কাহারোল ও বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে দীপশিখা পরিচালিত মিনিংফুল পার্টিশিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থ উইথ ডিজএ্যাবিলিটিস প্রকল্পের আওতায় ৩০ জন প্রতিবন্ধী শিশু, যুব, ইমপ্যাক্ট গ্রুপ ও সিআরসি সদস্যসহ প্রকল্পের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। সভায় দীপশিখার প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দত্ত রায়সহ বেশ কয়েকজন প্রতিবন্ধী যুব প্রতিনিধি বক্তব্য রাখেন। তারা টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সমাজের প্রতিটি মানুষের অংশগ্রহণের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও যুবদের সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন