জুলাই ৯, ২০২৬, ০৫:৩৫ পিএম
দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমান্তে পারিবারিক কলহের জেরে বিষপানে মোঃ মফিজুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ৩০ মিনিটের দিকে শহরের চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মফিজুর রহমান ওই এলাকার ভাতখৌর গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি চরম পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মফিজুরের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক অসন্তোষ চলছিল। এর আগে স্ত্রীর অনুপস্থিতিতে তিনি কয়েকবার বিষপান করলেও চিকিৎসার মাধ্যমে বেঁচে যান। সর্বশেষ ঘটনার কয়েকদিন আগেও তিনি বিষপান করেন, তবে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলে সেবারও তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।
নিহতের স্বজনরা জানান, সাংসারিক জীবনে তাদের দুটি সন্তান রয়েছে এবং তারা শহরে একটি বিউটি পার্লার পরিচালনার মাধ্যমে সংসার চালাতেন। ঘটনার রাতেও অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
মফিজুর রহমান এক সময় মাদকাসক্ত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এবারের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা লাশের ময়নাতদন্ত করা হবে কি না, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন