জুলাই ১৫, ২০২৬, ০২:২৭ পিএম
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরসহ ৩৪টি উন্নয়ন প্রকল্পের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে জেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে এই চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যক্তিগত অনুদান গ্রহণকারীদের হাতে চেক তুলে দেন তিনি।সভাপতির বক্তব্যে মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বর্তমান সরকার উন্নয়নের লক্ষ্যে দলমত নির্বিশেষে কাজ করছে। তিনি উপস্থিত সকলের প্রতি উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে, বরাদ্দকৃত এই অর্থ যেন সঠিক জায়গায় ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
চেক বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি সংযুক্ত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। দীর্ঘদিন ধরে অডিটোরিয়ামটি নির্মাণের পর আজ তা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হলো, যা জেলার প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন