বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সহকারী লিডার ট্রেইনার হিসেবে স্কার্ফ ও থ্রি বিড পেলেন মহিদুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১০:৩৭ পিএম

সহকারী লিডার ট্রেইনার হিসেবে স্কার্ফ ও থ্রি বিড পেলেন মহিদুল ইসলাম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহিদুল ইসলাম। ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে অংশ নিয়ে তিনি জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেন। তার এই অর্জনের মধ্য দিয়ে স্কাউটিং জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।গত ২৯ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস তাকে সহকারী লিডার ট্রেইনার হিসেবে নিয়োগ প্রদান করে।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে মহিদুল ইসলামের উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে বাংলাদেশ স্কাউটসের জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক মোঃ রহুল আমিন। তিনি প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। একই আয়োজনে তাকে সহকারী লিডার ট্রেইনারের থ্রি বিড পরিয়ে দেন লালমাই কুমিল্লার আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রশিদ। তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ সময় দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ এবং কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের কোর্স লিডার বিনয় কুমার রায়ের নেতৃত্বে প্রশিক্ষণার্থীরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পরিচালক ও ডিআরসি পদমর্যাদার কর্মকর্তারা এ সময় প্রশিক্ষণের নানা দিক তুলে ধরেন।

মহিদুল ইসলাম তার এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে স্কাউটিং কার্যক্রমে নিজেকে আরও নিবিড়ভাবে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।