রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে‍‍` — প্রশাসক

মোঃ ইউসুফ আলী

জুলাই ২৫, ২০২৬, ০৫:১৬ পিএম

দিনাজপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে‍‍` — প্রশাসক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে সদ্য যোগদানকৃত পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমানের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ।শনিবার দুপুরে পৌরসভার নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ডা. মমতাজ বেগম পলি ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউয়ের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধিদল পৌর প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। 

এ সময় নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী পানি মো. তৌফাজ্জল হোসেনসহ সমিতির সহ-সভাপতি মো. আনোয়ারুল কবীর, মো. জাকির হোসেন, দিলওয়ার হোসেন শাহ, মো. শামীম কবীর, সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বায়েজিদ, মো. আতিকুর রহমান আতিক, মো. বজলুর রশিদ বুলু, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন কুমার অধিকারী ভোলা, সহ-প্রচার সম্পাদক মো. নুর ইসলাম সাগর, ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার সেলিম এবং অর্থ সম্পাদক তৌফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, দিনাজপুর পৌরসভাকে একটি দৃষ্টিনন্দন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যানজট নিরসনে ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শিশু পার্কসহ বিনোদন পার্ক নির্মাণ এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হবে। শহরের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।নাগরিক সেবা উন্নত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পৌর প্রশাসক।