রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ভূমিহীনদের খাসজমি বরাদ্দের দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ

মো: মামুনুর রশিদ

জুলাই ২৭, ২০২৬, ১২:০২ পিএম

দিনাজপুরে ভূমিহীনদের খাসজমি বরাদ্দের দাবিতে স্মারকলিপি ও বিক্ষোভ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে প্রকৃত ভূমিহীন ক্ষেতমজুর ও দিনমজুরদের তালিকাভুক্তিসহ খাসজমি বরাদ্দের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন শেষে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকার বরাবর পাঁচ দফা সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। সোমবার সকালে জেলা শহরের প্রধান সড়কে এসব কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা।

দখলকৃত খাসজমি উদ্ধারই আন্দোলনকারীদের প্রধান দাবি।কর্মসূচিতে আসা বক্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় শত শত একর সরকারি খাসজমি প্রভাবশালী ব্যক্তিদের দখলে রয়েছে। এর বিপরীতে হাজার হাজার প্রকৃত ভূমিহীন ও শ্রমজীবী পরিবার মাথার ওপর সামান্য আশ্রয় না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। 

স্মারকলিপিতে প্রভাবশালীদের অবৈধ দখল থেকে খাসজমি মুক্ত করা, প্রকৃত ভূমিহীনদের স্বচ্ছ তালিকা তৈরি, প্রশাসনিক হয়রানি বন্ধ এবং দ্রুত জমি বরাদ্দের দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের জেলা প্রতিনিধি এস এম মনিবুজ্জামান স্বাক্ষরিত একটি লিখিত কপি জেলা প্রশাসকের দপ্তরে জমা দেন প্রতিনিধিরা।