জুলাই ২৯, ২০২৬, ০৭:৪০ পিএম
দিনাজপুর পৌরসভার সেবা আরও জনবান্ধব করা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক একটি নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে অংশ নিয়ে স্থানীয় নাগরিকরা ১৫৮ বছরের প্রাচীন এই পৌরসভার রাস্তাঘাট দ্রুত সংস্কার, যানজট নিরসন, ইজিবাইক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ রোধ এবং নিয়মিত বর্জ্য অপসারণের দাবি জানান।
প্রথমবারের মতো এমন আয়োজন করার জন্য তারা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রতি বছর অন্তত একবার এই ধরনের সভা করার পরামর্শ দেন। একটি পরিচ্ছন্ন ও সবুজ পৌরসভা গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক, শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
এছাড়া নাগরিকদের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পৌরসভার সাবেক কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, চামড়া ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ভোক্তা অধিকারকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন