রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে সার পরিস্থিতি ও বিপণন নিয়ে ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৬, ০৫:০০ পিএম

দিনাজপুরে সার পরিস্থিতি ও বিপণন নিয়ে ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলায় সারের বর্তমান পরিস্থিতি, উত্তোলন, মজুদ ও সঠিক বিপণন প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে সার ডিলার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ কে এম রেজওয়ানুল হক, জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম, বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। 

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আফজল হোসেন।এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল রহিমসহ বিভিন্ন উপজেলার সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় সভায় সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের হাতে সময়মতো সার পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে সভায় কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।