রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম কমাতে হবে দিনাজপুরে ১১ দলের স্মারকলিপি

মো: মামুনুর রশিদ

আগস্ট ৬, ২০২৬, ০২:৩৪ পিএম

গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম কমাতে হবে দিনাজপুরে ১১ দলের স্মারকলিপি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুরে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্থানীয় সাধারণ মানুষের চরম দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জোটের নেতারা।

স্মারকলিপিতে বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো ওই স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের খাতের বিভিন্ন অনিয়ম তুলে ধরে মোট এগারোটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে গত তিন মাসে আদায়কৃত ভূতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানির আয়োজন, দায়ীদের শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়া। 

পাশাপাশি প্রিপেইড ও পোস্টপেইড মিটারের ডিমান্ড চার্জসহ অন্যান্য অযৌক্তিক চার্জ বাতিল এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার দাবি জানানো হয়। শিল্প ও গৃহস্থালিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং কূপ খননের গতি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

দিনাজপুরের বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ।

এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলন দিনাজপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, এনসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, জাগপা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। জনস্বার্থে উত্থাপিত এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।