রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে মসজিদ ও মন্দির সংস্কারে অনুদানের চেক বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর

মো: মামুনুর রশিদ

আগস্ট ১১, ২০২৬, ০৪:৩৪ পিএম

দিনাজপুরে মসজিদ ও মন্দির সংস্কারে অনুদানের চেক বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও কবরস্থান সংস্কারের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা হস্তান্তর করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। স্থানীয় ধর্মীয় উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়।মোট চল্লিশটি ধর্মীয় প্রতিষ্ঠান ও কবরস্থান কমিটির প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান যে উপাসনালয়গুলোর উন্নয়নে বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সমাজে শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করতে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার ও সংস্কার কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকাররম হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই আয়োজনে অংশগ্রহণ করেন।