বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের বিরলে কাঠের ব্রিজ নির্মাণে হাজারো মানুষের স্বস্তি

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৭, ২০২৬, ০১:০১ পিএম

দিনাজপুরের বিরলে কাঠের ব্রিজ নির্মাণে হাজারো মানুষের স্বস্তি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের চাপাই নদা পাড়া খাড়ির ওপর একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই সেতুটি চালুর মধ্য দিয়ে খাড়ির দুই পাড়ের হাজারো মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সাময়িক অবসান ঘটেছে এবং স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। বিশেষ করে বর্ষার মৌসুমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার যে দুর্ভোগ ছিল, তা অনেকটাই লাঘব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খালে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয় জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। জনগণের এই কষ্টের কথা বিবেচনা করে এবং যাতায়াত ব্যবস্থা সচল রাখতে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজা চৌধুরী পিনাক নিজ উদ্যোগে এই কাঠের ব্রিজটি তৈরি করে দেন। সেতুটি উন্মুক্ত হওয়ার পর এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা সহজে চলাচল করতে পারছেন।

কাঠের ব্রিজটি নির্মাণের ফলে এই অঞ্চলের কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে নতুন গতির সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে পারাপারের সুব্যবস্থা না থাকায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের চরম ঝুঁকিতে নদী পার হতে হতো।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজা চৌধুরী পিনাক জানান, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘব করাই তাঁর প্রধান লক্ষ্য। আপাতত সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে নিজ তহবিলে এই কাঠের সেতুটি নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয় উল্লেখ করে তিনি জানান, খুব শীঘ্রই সরকারি উদ্যোগে ওই স্থানে একটি টেকসই ও স্থায়ী পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে।