সেপ্টেম্বর ১, ২০২৬, ০৩:৪৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের কাহারোলে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাহারোল উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, ছাত্রদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী এবং শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন