সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:৪২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচি পালিত হয়। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কিচির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সমাবেশের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সমাবেশ শেষে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের দিকে এগিয়ে যায়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন