বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরের কান্তনগর মন্দির হতে নৌপথে কান্তজীউ বিগ্রহ

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৪৭ এএম

দিনাজপুরের কান্তনগর মন্দির হতে নৌপথে কান্তজীউ বিগ্রহ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আড়াইশ বছরের পুরানো রাজপরিবারের প্রথা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কান্তনগর মন্দির থেকে নৌপথে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ। আজ বুধবার সকাল সাড়ে সাতটায় হাজারো ভক্তের পূজা-অর্চনার মধ্য দিয়ে বিগ্রহকে বিদায় জানানো হয়। ঢেপা নদীর চব্বিশ কিলোমিটার জলপথে শতাধিক ঘাটের দুই তীরে অগনিত হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্ত ফল-ফলাদি উৎসর্গ করেন।

নদীর দুই পাড়ে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। প্রায় চল্লিশটি নৌকার বহর নিয়ে কান্তজীউ বিগ্রহের এই যাত্রা শুরু হয়। দীর্ঘ আট ঘণ্টার জলপথ যাত্রা শেষে সন্ধ্যায় বিগ্রহটি দিনাজপুরের শহরের রাজানগর ঘাটে এসে পৌঁছাবে। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিগ্রহকে স্বাগত জানাবেন। পরে রাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কান্তজীউ বিগ্রহ রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হবে। 

প্রতিবছর জন্মাষ্টমীর দুই দিন আগে রাজপরিবারের এই প্রাচীন প্রথা অনুযায়ী বিগ্রহটি নদীপথে রাজবাড়ী মন্দিরে আনা হয় এবং তিন মাস পর রাস পূর্ণিমায় আবার কান্তনগর মন্দিরে ফিরে যায়। ভক্ত ও পুণ্যার্থীরা জানান, মনের বাসনা পূরণ এবং পরিবারের মঙ্গল কামনায় প্রতিবছর তারা এই যাত্রায় অংশ নেন। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যাত্রাপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের এই মহামিলন বিশ্বশান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার বার্তা বহন করে। বিগ্রহের এই আগমন ও প্রস্থানকে কেন্দ্র করে পুরো দিনাজপুর অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।