সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইউনাইটেড কো-অপারেটিভের বার্ষিক সভা: লভ্যাংশ বিতরণ ও সম্মাননা প্রদান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৯:০৭ পিএম

ইউনাইটেড কো-অপারেটিভের বার্ষিক সভা: লভ্যাংশ বিতরণ ও সম্মাননা প্রদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের উত্তর ফরিদপুরস্থ ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) শহরের ৩নং উপশহরস্থ প্যারাডাইসিস কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রায় চার শতাধিক সদস্য উপস্থিত হন, যা এক মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সবুর।

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়াসহ উপস্থিত সদস্যবৃন্দ।

সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুজ্জামান। ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পেশ করেন চেয়ারম্যান মোঃ আহসান হাবীব, নিরীক্ষাকৃত বার্ষিক হিসাব বিবরণী পেশ করেন ট্রেজারার কেএমএইচএস তিশতি এবং প্রস্তাবিত বাজেট ও সম্পূরক বাজেট পেশ করেন সেক্রেটারি মোঃ খায়রুল আলম।

সাধারণ সভা শেষে ৮ জন শ্রেষ্ঠ নির্বাচিত সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সদস্যদের মাঝে নগদে শেয়ারের লভ্যাংশ বিতরণ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।দিনব্যাপী এই আয়োজনে সকাল থেকে দুপুর ৪টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোঃ আরিফুল হক ও মোঃ আনছারুল হক। র‌্যাফেল ড্র ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।