নভেম্বর ৪, ২০২৫, ০৮:৫৮ পিএম
টানা কয়েক দিনের বৃষ্টির পর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে দিনাজপুরের হিলির চারপাশ। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে।সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত হিলিসহ আশেপাশের এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা। এ সময় তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে।ট্রাক চালক আরাফাত রহমান বলেন, "হঠাৎ করে আজ মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করেছে।
এতে করে ট্রাক চালাতে সমস্যা হচ্ছে। সেই জন্য ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছি। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ট্রাকে থাকা কাঁচা পণ্যগুলো নষ্ট হয়ে যাবে।"একজন অটোচালক বলেন, "ঘন কুয়াশার কারণে সকালবেলা মানুষ বের হয়নি। সেই সঙ্গে কিছুটা শীতের প্রকোপ দেখা দিয়েছে। এতে করে সকাল ৮টা পর্যন্ত কোনো যাত্রী পাওয়া যায়নি।"
এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার (৪ নভেম্বর) দিনাজপুর জেলাতে সকাল ৯টায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গতকাল ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।তিনি আরও জানান, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আগামী ২ থেকে ৩ দিন সকাল বেলা কুয়াশার পরিমাণ বেশি দেখা যাবে। তবে আগামী ৫ থেকে ৭ দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন