রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:০১ পিএম

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা বলেন।বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এবং যথেষ্ট মজুত রয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এই পরিস্থিতি বিবেচনা করে তিনি হুঁশিয়ারি দেন:আগামী চার পাঁচ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দিবো।"আবেদনের সংখ্যা পেঁয়াজ আমদানির জন্য ইতোমধ্যে ২ হাজার ৮০০ আবেদন পড়েছে।

মূল্য সহনীয় পর্যায়ে না আসলে ৪ থেকে ৫ দিনের মধ্যে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।শেখ বশিরউদ্দীন পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। দাম বেড়ে যাওয়ার পেছনে তিনি কয়েকটি কারণ তুলে ধরেন:

  • মৌসুমের শেষ

  • হঠাৎ করে ভারী বৃষ্টি

  • পেঁয়াজ সংরক্ষণের সময় শুকিয়ে যাওয়ার পরে ওজন কমে যাওয়া

তিনি বলেন, সীমান্তে ওপারে বাংলাদেশে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করার খবর তাদের কাছে রয়েছে। তবে মজুতদার বা সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি হয়েছে এমন খবর তার কাছে নেই। তিনি সতর্ক করেন, যদি ২ হাজার ৮০০ আবেদনের ১০ শতাংশও অনুমোদন দেওয়া হয়, তাহলে বাজারে পেঁয়াজ সয়লাব হয়ে যাবে এবং কৃষক ক্ষতির মুখে পড়বেন। এ জন্য সরকার সামগ্রিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।