নভেম্বর ২৬, ২০২৫, ০২:৫৮ পিএম
বাজারে পেঁয়াজের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নিশ্চিত করেছেন, দেশে বর্তমানে পেঁয়াজের কোনো সংকট নেই এবং নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমার প্রবণতা বজায় থাকবে।
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কৃষি উপদেষ্টা বলেন, বাজারে যে পেঁয়াজের দাম ১২০-১৩০ টাকা পর্যন্ত উঠেছিল, তা এখন কমে ৯৫-১০০ টাকায় চলে এসেছে।
তিনি উল্লেখ করেন, কিছু ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য সরকারের ওপর অনেক চাপ সৃষ্টি করেছিল এবং এ বিষয়ে তারা আদালতেও গিয়েছিলেন।তবে কৃষকদের স্বার্থ বিবেচনা করে সরকার পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়নি। তিনি জানান, মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতে পেরেছেন। পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে উৎপাদিত গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং শীতের নতুন পেঁয়াজ—উভয়ই এখন বাজারে আসা শুরু করেছে।
এর ফলস্বরূপ, বাজারে পেঁয়াজের দাম বাড়ার আর কোনো আশঙ্কা নেই।আলুর দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই বছর কৃষকরা আলুতে দাম পায়নি। এখন কিছুটা দাম বাড়লেও, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলুর দাম আরেকটু বাড়া দরকার।তিনি আরও জানান, আলু নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে কৃষকদের অনুরোধে কোল্ড স্টোরেজ ডিসেম্বর মাস পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন