রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৩৯ পিএম

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে গতি ফেরাতে বড় সাফল্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ডিসেম্বর মাসজুড়ে পরিচালিত বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছেএনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান।দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ জরিপ ও ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার।

গত এক মাসের এই বিশেষ অভিযানের পর বর্তমানে মোট ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালনকালে এবং ১০ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে ১ লাখের বেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকার ভ্যাটের আওতা বাড়াতে বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকা হলেই ভ্যাট নিবন্ধনের বিধান বাধ্যতামূলক করেছে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশই এসেছে ভ্যাট থেকে, যা এনবিআরের আয়ের সর্বোচ্চ উৎস।

নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে এনবিআর বর্তমানে অনলাইনে সরকারি কোষাগারে ভ্যাট জমা, ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন দাখিল এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। ভ্যাটের এই নতুন পরিধি বৃদ্ধির ফলে আগামীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে বলে আশা করছে সংস্থাটি।